করোনা: বিশ্বের ২০টি দেশে অন্তত ১,৮৫০ বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২০টি দেশে অন্তত ১ হাজার ৮৫০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
জানা যায়, জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে, টাকা সাশ্রয় করার জন্য প্রবাসীরা অল্প জায়গায় অধিক সংখ্যক মানুষ বসবাস করায়, তারা স্থানীয়দের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছেন। প্রবাসে বর্তমানে বাংলাদেশিদের মৃত্যূহার কিছুটা কমলেও, গত জুন ও জুলাই মাসে মৃত্যুহার ছিলো সর্বাধিক।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সৌদি আরবে মারা গেছেন ৭৮৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৭৫ , কুয়েতে ১০০, ওমানে ৫৫, কাতারে ৩২, বাহরাইনে ২০ , যুক্তরাজ্যে ৩২৫ জন, যুক্তরাষ্ট্রে ২৮২, ইতালীতে ১৪, কানাডায় ৯, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭, স্পেনে ৫, পর্তুগালে ২ জন ও দক্ষিণ আফ্রিকায় ২ জন বাংলাদেশি মারা গেছেন।
এছাড়াও ভারত মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এক গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই, আগে থেকে কিডনীরোগ, উচ্চ রক্তচাপ, বহুমূত্রসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা থেকেও, অনেক প্রবাসী আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য: দূতাবাস কর্মকর্তা, প্রবাসী ও হাসপাতাল সূত্রে পাওয়া বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত পাওয়া মৃত্যুর পরিসংখ্যান নেয়া হয়েছে।



