ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকুন: মৎস্যজীবী লীগকে আব্দুর রহমান

মুক্তিযুদ্ধের চেতনা ও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় আব্দুর রহমান তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।
তিনি বলেন, ৭১ এর পরাজিত স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা হরণ করার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আব্দুর রহমান আরো বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তিনি।
মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি মোহাম্মদ আলমসহ মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ।



