সব বাসা-বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় আনা হবে: আতিক

১ সেপ্টেম্বর থেকে সব বাসা-বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় আসবে বলে জানিয়েছেন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র।
এসময় রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা, ফুটপাত দখল এবং নিয়ম না মেনে রাস্তা এবং ফ্লাইওভারের নিচে বিলবোর্ড বসানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়। মেয়র বলেন, ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।
এদিকে উত্তর সিটি করপোরেশনেই বকেয়া পড়ে আছে প্রায় শত কোটি টাকা হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে ইউনাইটেড হাসপাতাল, ওয়েস্টিন হোটেল, বিজিএমইএ এর মতো বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির এই রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গড়মিল।
আর সিটি করপোরেশন বলছে, এবারে পাওনা আদায়ে মাঠে নামছে তারা। পহেলা সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে উত্তর সিটি করপোরেশনের বিশেষ চিরুনি অভিযান।



