মানবিক বিবেচনায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে: কাদের

মানবিক বিবেচনায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে। সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহয় মানুষের পাশে দাঁড়াতে হয়।
এসময় দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখপ্রকাশ করে বলেন অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্যা ডাক্তারগণ।



