বিশ্ববাংলা

অবৈধ ভিসা ব্যবসায়ীদের কঠিন হুশিয়ারি দিলেন, কুয়েত রাষ্ট্রদূত

কুয়েতে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হ্লরুমে এই সভা আয়োজিত হয়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, কুয়েতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর দেশটিতে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ প্রবাসীদের নানা সমস্যার কথা শুনেছেন, সব সমস্যা সমাধানে দূতাবাস দায়িত্বশীল হয়ে কাজ করবেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বাংলাদেশ, একথা উল্লেখ করে রাষ্ট্রদূত কুয়েতে অবৈধ ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরো বলেন, ভিসা ব্যবসা যারা করছেন, তারা অন্য কোনো দেশের নাগরিকদের সঙ্গে করছেন না বরং ভিসা ব্যবসা করে আমরা আমাদেরই ক্ষতি করছি। অতএব, ভিসা ব্যবসায়ীদের ব্যাপারে কোনো ছাড় নেই, যদি দূতাবাস কাউকে ভিসা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বলে সনাক্ত করতে সক্ষম হয়, তাহলে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও যোগ করেন তিনি।  শেষে সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

বিশেষ করে হৃদরোগ ও স্ট্রোকে প্রবাসীদের অনাকাঙ্খিত মৃত্যু, দেশে আটকে পড়া কুয়েত প্রবাসী ও কুয়েতে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার বিষয় নিয়ে কথা বলেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button