আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

খাশোগি হত্যাকাণ্ডের রায় বিচারের নামে প্রহসন: জাতিসংঘ প্রতিনিধি

সৌদি আরবের একটি উচ্চ আদালত সেদেশের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে চূড়ান্ত রায় ঘোষণা করেছে তাকে ‘বিচারের নামে প্রহসন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

সোমবার আদালতের রায় ঘোষিত হওয়ার পর ক্যালামার্ড বলেন, যে প্রক্রিয়ায় এ বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। ২০১৮ সালের অক্টোবরে খাশোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড।

তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কি কারণে খাশোগির পরিবার তার হত্যাকারীদেপ ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়।

অন্যদিকে, জামাল খাশোগির তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিসও সৌদি আদালতের রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি খাশোগি।

এরআগে, সোমবার সৌদি আরবের একটি উচ্চ আদালত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদাণ্ড দিয়েছে। গত বছর ওই পাঁচ ব্যক্তিকে একটি নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু খাশোগির পরিবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দেয়ার পর আদালত তাদের দণ্ড কমিয়ে দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button