
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে জব্দ তালিকার দুই জন সাক্ষ্য দিবেন আজ। বুধবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে এ সাক্ষ্য দিবেন তারা।
এর আগে গত ৫ই অক্টোবর আদালতে তিন জন সাক্ষ্য প্রদান করেন। এরপর তাদের জেরা করেন মজনুর আইনজীবী রবিউল ইসলাম। এ মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে পাশে নির্জন এলাকায় ধর্ষণের শিকার হন ঢাবির ওই ছাত্রী। ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮ই জানুয়ারি গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় ধর্ষক মজনুকে। ১৬ই জানুয়ারি মজনু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই মাস পর গত ১৬ই মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু বকর সিদ্দিক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬শে আগস্ট ভার্চুয়ালি শুনানিতে মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।



