বাংলাদেশ

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, আতঙ্কে দিশেহারা তিন ইউনিয়নের মানুষ

বাংলা টিভি ডেস্ক: শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের আক্রমণে নারী, শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একদল বেপরোয়া কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়ে আহত করেছে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কেউ কুকুরের কামড়ের শিকার হয়ে হাসপাতালে এলে তাকেও প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দেওয়া হবে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, কুকুরের কামড়ে আহত রোগীদের ইতোমধ্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button