নির্বাচন এক মাস পেছানোর আশ্বাস দিয়েছে কমিশন: ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কি না, বিষয়টি নির্বাচন কমিশন- ইসি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।
বুধবার বিকালে কমিশনের সাথে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান ড. কামাল।
এছাড়া ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে ভোটকেন্দ্রের ভেতর থেকে গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের অনুমতি দিতে চায় না ইসি।
তিনি আরও বলেন, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো এক মাস পেছানোর দাবি তুলে। পরে আরও সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি।
এর আগে ইসির সঙ্গে বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে বসে ঐক্যফ্রন্টের নেতারা।
গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার, জেএসডির আবদুল মালেক রতন, শহীদ উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ এবং গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও মোকাব্বির খান।
বাংলাটিভি/টিএ/এবি



