
করোনাভাইরাস রোধে পুরো এপ্রিল মাস জুড়েই ছিল লকডাউন। কিন্তু এই সময়েও থেমে নেই সড়ক দুর্ঘটনা। গেলো এপ্রিল মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন।
রোববার (০২ মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো এপ্রিল মাসে রেলপথে ৮টি দুর্ঘটনায় ৬ জন এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ২ জন নিখোঁজ হওয়ার সংবাদও পাওয়া গেছে।
এ সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক, ৩৩ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ২৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭ জন শিশু এবং ৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১২ জন চালক, ৮২ জন পথচারী, ৩৮ জন নারী, ২৬ জন ছাত্র-ছাত্রী, ৩৬ জন পরিবহন শ্রমিক, ৪২ জন শিশু, ২ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৪ জন শিক্ষক ।
প্রতিবেদনে আরও বলা হয়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনা ট্রাক ও কাভার্ডভ্যানে, ১৪৪টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ৫৫টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টি নসিমন ও করিমন, ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি প্রাইভেট কার ও ২০টি বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল।
এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ৮ তারিখ। ওইদিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হয়। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয় ১৪ এপ্রিল, ৬টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৬ জন আহত হন।
বাংলাটিভি/শহীদ



