মামলা, হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি না করার অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনকে দেওয়া এক চিঠিতে এ অনুরোধ জানায় ঐক্যফ্রন্ট।
৩ ডিসেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সচিবালয়ে চিঠি নিয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক লতিফুর বারী।
ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
চিঠিটিতে মোস্তফা মহসীন মন্টু বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দেশের সবকিছু নির্বাচন কমিশনের আওতায় এসে যায়। সেই হিসেবে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার কারা যায় না, বিশেষ করে কোন প্রার্থীকে হয়রানীর প্রশ্নই আসে না।
রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত যে কোন রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন।
অতএব, সংবিধানের বিধান মেনে সকল রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দানের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করাও আহ্বান জানানো হয় চিঠিতে।
বাংলাটিভি/এমআরকে



