বাবার কবর জিয়ারতের মাধ্যমে ইশরাকের নির্বাচনি মিশন শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ থেকে তার আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা এলাকায় এক আবেগঘন পথসভার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার নির্বাচনি প্রচারণার নতুন মাত্রা যোগ করেছেন। সদরঘাটের বাটার মোড়ে উপস্থিত হাজারো মানুষের সামনে তিনি অত্যন্ত বিনম্রভাবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। কোনো রাষ্ট্রীয় বা সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে আগে আসীন না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি সরাসরি ভোটারদের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করেন।
ইশরাক হোসেন বলেন, আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা আপনাদের অনেকেরই এখানে সহযোদ্ধা ছিলেন, পরিচিতও ছিলেন এবং এই এলাকা থেকে চারবার সাবেক নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার সন্তান হিসেবে এবারের নির্বাচনে আপনাদের সমর্থন চাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে কাজ করতে চান।
কবর জিয়ারত শেষে ইশরাক হোসেন সরাসরি চলে যান বাংলাবাজার চৌরাস্তা এলাকায়। সেখানে তিনি এক বিশাল জনসমাবেশে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন। এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর এক বিশাল মিছিল।
পথসভা শেষে ইশরাক হোসেন বাংলাবাজারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যালয়ে গিয়ে সমিতির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা ও মতবিনিময় করেন।



