চট্টগ্রামে তারেক: ২০ বছরের বিরতি ভেঙে নতুন ইতিহাস

দীর্ঘ ২০ বছর পর বীর চট্টলার মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তার এই দীর্ঘ প্রতীক্ষিত আগমনকে কেন্দ্র করে সারা চট্টগ্রাম জুড়ে এখন সাজ সাজ রব। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা। নেতাদের আশা, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে এর আগে অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এবারের সমাগম হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান নিজে চট্টগ্রামে এসে কথা বলবেন—এটি মানুষ ভিন্নভাবে গ্রহণ করছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন।
সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি এই মাঠে ভাষণ দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পেরিয়ে সেই একই মঞ্চে এবার বক্তব্য রাখবেন তাঁর যোগ্য উত্তরসূরি এবং দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। মায়ের স্মৃতিবিজড়িত এই মাঠে সন্তানের এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।



