তাহাজ্জুদ শেষে ভোটকেন্দ্রে ফজর পড়ার আহ্বান তারেক রহমানের

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি এক ব্যতিক্রমী এবং আধ্যাত্মিক আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে বিএনপি যে ভালো ভালো উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে।
নারায়ণগঞ্জের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি অতি উৎসাহী স্লোগান থামিয়ে দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে জানান যে, একটি নির্দিষ্ট গোষ্ঠী বর্তমানে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে মা-বোনদের জাতীয় পরিচয়পত্র (NID) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এই কৌশলী তৎপরতাকে তিনি ভোটারদের বিভ্রান্ত করার এবং নির্বাচনের আগে বড় ধরনের জালিয়াতির একটি নীল নকশা হিসেবে অভিহিত করেছেন।
তারেক রহমান সরাসরি অভিযোগ তুলে বলেন, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কি খবর পাইছেন?”—এই প্রশ্নের মাধ্যমে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন যে, জনগণের ব্যক্তিগত ডাটাবেজ ব্যবহার করে তাদের ভোটাধিকার হরণ করার জন্য একটি অশুভ শক্তি মাঠে নেমেছে, যাদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি করা হবে। কারণ বর্তমানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মুরুব্বিরা জানে জিয়াউর রহমান তাদের সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। যদি খাল খনন করা হয় তবে দেশের উন্নয়ন সাধিত হবে।
এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ জেলার দুই আসনের মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জমায়েতে ওলামা দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



