রাজনীতি
যৌথ বাহিনীকে দেখে ঘেরে লাফ, কাদা থেকে টেনে তুলে সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর হাত থেকে বাঁচতে মাছের ঘেরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারের। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার এলাকায় একটি চায়ের দোকান থেকে পালানোর চেষ্টা করলে তিনি ঘেরের কাদায় আটকে পড়েন। পরে যৌথ বাহিনীর সদস্যরা সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করেন।
দিদারুল হক কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলেন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, দিদারুল হক সিকদার হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিমকে হত্যার মামলাও রয়েছে। তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হককে আজ শনিবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।



