হিজাব না পরায় ১৩ দিনের জেল: আফগান তরুণীর মুক্তিতে নতুন আলোচনা

আফগানিস্তানের হেরাত শহরের ২২ বছর বয়সী তরুণী খাদিজা আহমাদজাদা দীর্ঘ ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। পেশায় তায়কোয়ান্দো কোচ খাদিজা নিজের এলাকায় নারীদের জন্য একটি জিম বা শরীরচর্চাকেন্দ্র পরিচালনা করতেন।
তালেবান প্রশাসনের অভিযোগ, খাদিজা তার জিমের ভেতরে গান বাজাতেন এবং সেখানে নারী-পুরুষের একত্রে ব্যায়ামের সুযোগ করে দিয়েছিলেন। এ ছাড়া ‘সঠিক নিয়মে’ হিজাব না পরার দায়ও তার ওপর চাপানো হয়। দেশটির ‘পাপ প্রতিরোধ ও সদ্গুণ’ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি, এসব বিষয়ে বারবার সতর্ক করার পরও নিয়ম না মানায় তাকে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে আফগান সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি মুক্তি লাভ করেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ ফিরলে এসব কেন্দ্র আবারও চালু করা হবে। তবে এ বছরের জানুয়ারিতেও কোনো কেন্দ্র চালু হয়নি। আফগান নারীরা খেলাধুলায় অংশ নিতে পারছেন না।
খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তি পেয়ে খাদিজা এখন কোথায় আছেন, সেটা জানা যায়নি।
এর আগে খাদিজার গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম বেশ আলোচনা–সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে পোস্ট দেন আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে। তিনি ওই পোস্টে খাদিজার অবিলম্বে মুক্তি দাবি করেন।
জাতিসংঘের এ বিশেষ দূত আফগানিস্তানে গ্রেফতার থাকা নারী সাংবাদিক নাজিরা রাশিদির মামলার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের এই নারী সাংবাদিককে গত ডিসেম্বরে গ্রেফতার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সাংবাদিকতার কাজের কারণে নাজিরাকে গ্রেফতার করা হয়েছে—এমন অভিযোগ তালেবান মুখপাত্র অস্বীকার করেছেন।



