আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ ‘মাস্টারপ্ল্যান’ দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে তার রাজনৈতিক পরিকল্পনার প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো নিরাপত্তা এবং স্বচ্ছতা।
সাধারণ মানুষের চলাফেরা এবং জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করা হবে তার প্রথম কাজ। বিভিন্ন স্তরে ছড়িয়ে থাকা দুর্নীতিকে কঠোরভাবে দমন করার পরিকল্পনা রয়েছে তার। তিনি মনে করেন, এই দুটি সমস্যা সমাধান করতে পারলে দেশের অন্যান্য সংকটগুলো অনেকাংশেই কেটে যাবে।
বর্তমান সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। বর্তমানে সরকারি সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলো প্রকল্প থাকলেও সেগুলোতে অব্যবস্থাপনা রয়েছে। কেউ একাধিক সুবিধা পাচ্ছে, আবার কেউ কিছুই পাচ্ছে না।
এই কার্ডের মাধ্যমে সাহায্যপ্রদান প্রক্রিয়াকে সুসংগঠিত করা হবে। কৃষক বা ভ্যান চালকের পরিবার থেকে শুরু করে সাধারণ চাকরিজীবীদের পরিবারও এই কার্ডের আওতায় থাকবে। বিশেষ করে সিঙ্গেল মাদার বা যেসব নারী স্বামী পরিত্যক্তা হয়ে মানবেতর জীবন যাপন করছেন, তাদের এই কার্ডের মাধ্যমে অগ্রাধিকার দেওয়া হবে।
জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এই খোলামেলা আলোচনায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আগামীর বাংলাদেশের জন্য তার রাজনৈতিক ও সামাজিক রূপরেখা তুলে ধরেন।



