‘নির্বাচনে অনিয়ম হলে ক্ষমতায় আসবে জামায়াত’: হর্ষবর্ধন শ্রিংলা

ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার এবং বর্তমানে রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন যে, বাংলাদেশে একটি স্বাভাবিক ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। শুক্রবার দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন।
শ্রিংলা মনে করেন, জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক মাত্র ৫ থেকে ৭ শতাংশ। এই ক্ষুদ্র জনসমর্থন নিয়ে তারা কখনোই এককভাবে জিততে পারেনি। তার দাবি, যদি নির্বাচনে ব্যাপক কারচুপি বা অনিয়ম হয়, তবেই কেবল তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে পারে।
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের এই সাবেক পররাষ্ট্র সচিব। তিনি জানান, ভারত সর্বদা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে। তবে বর্তমানে বাংলাদেশে সেই অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত কি না, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়ে তিনি কড়া অবস্থান ব্যক্ত করেন। তার মতে, রাজনৈতিক স্বার্থে এই অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা পশ্চিমবঙ্গের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রক্রিয়াটি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।



