দুই দশক পর পদ্মা পাড়ে তারেক রহমান: রাজশাহীতে উৎসবের আমেজ

দীর্ঘ ২২ বছরের বিরতি কাটিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৩ সালে একটি দলীয় প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি রাজশাহী সফর করেছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থী এবং স্থানীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই সফরের সিদ্ধান্ত জানান।
রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু তারেক রহমানের এই সফরসূচি নিশ্চিত করেছেন। কর্মসূচি অনুযায়ী ২৯ জানুয়ারি দুপুর সোয়া ১২টায় বিমানযোগে তিনি রাজশাহী পৌঁছাবেন। এবং দুপুর সাড়ে ১২টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তিন জেলার (রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ) এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে সন্ধ্যায় একটি জনসভায় বক্তব্য রাখবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে ওই রাতেই তিনি বগুড়া যাবেন এবং সেখানে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে রাত্রিযাপন করবেন।
সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজশাহী মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার সকাল থেকেই মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এটি হবে স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ।
শনিবার রাতে নগরীর পদ্মা আবাসিক এলাকায় মিজানুর রহমান মিনুর বাসভবনে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ তিন জেলার গুরুত্বপূর্ণ প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।



