ফুটপাতে দাঁড়িয়ে গল্প করাই হল কাল! রড মাথায় ঢুকে প্রাণ গেল আশফাকের

রাজধানীর গুলশান এলাকায় গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তেই নেটিজেনদের স্তম্ভিত করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফুটপাতে দাঁড়িয়ে বন্ধুর সাথে কথা বলছিলেন আশফাক নামের এক যুবক। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটি রড সরাসরি তার কপালে এসে বিঁধে যায়। পাশে থাকা লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
নিহত আশফাক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের সন্তান। কর্মজীবনে তিনি গুলশানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান ও বাবা-মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আশফাক কেবল একজন চাকরিজীবীই ছিলেন না, এলাকায় একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগরণী ক্লাব’-এর সাধারণ সম্পাদক ছিলেন। কথা ছিল, গত শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরবেন এবং শনিবার সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন। কিন্তু খেলোয়াড়দের উৎসাহ দিতে নয়, তিনি ফিরলেন নিথর দেহ হয়ে।
শনিবার জানাজা শেষে বাঁশখালীর নিজ গ্রামে তাকে দাফন করা হয়। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। কর্মস্থল বা জনবহুল এলাকায় নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ঘটনা আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে।



