বাংলাদেশ

আবাসন ভাতার দাবিতে উত্তাল জবি: প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য ও কোষাধ্যক্ষ

রোববার সকাল ১০টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুপুরের দিকে তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর আগে ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসন ভাতার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হলেও বাদ পড়েছেন ২০তম ব্যাচের নবীনরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিষয়টি পরে বিবেচনা করা হবে।

নবীন শিক্ষার্থীরা ঢাকায় আসার পর সবচেয়ে বেশি আবাসন ও আর্থিক সংকটে পড়েন, অথচ তাদেরই তালিকার বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনেক হলের বাসিন্দা এবং আবেদন না করা সত্ত্বেও অনেকে তালিকায় নাম পেয়েছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘২০ ব্যাচের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বৃত্তি মোদের অধিকার, বৈষম্যের সাধ্য কার’ সহ বিভিন্ন বৈষম্যবিরোধী স্লোগান দিয়ে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।

এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে তারা একমত।

উল্লেখ্য, গত বছরের মে মাসে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ আন্দোলনের পর সরকার এই আবাসন বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছিল। তবে দীর্ঘ ৯ মাস পর তালিকা প্রকাশ করা হলেও শিক্ষার্থীরা কবে নাগাদ এই অর্থ হাতে পাবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button