জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিয়ে বিশেষ অধ্যাদেশ জারি

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি অপরাধের দায় থেকে মুক্তি দিয়ে সরকার একটি নতুন অধ্যাদেশ জারি করেছে। গত ২৫ জানুয়ারি (রোববার) আনুষ্ঠানিকভাবে এই গেজেট প্রকাশিত হয়।
ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন পুনরুদ্ধারের লক্ষে পরিচালিত সব কর্মকাণ্ডকে এই সুরক্ষার আওতায় আনা হয়েছে। আন্দোলন চলাকালে ছাত্র-জনতা বা বিপ্লবীদের বিরুদ্ধে সংগঠিত হতে পারে এমন সম্ভাব্য সব ধরণের ফৌজদারি মামলার দায় থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান’ হিসেবে স্বীকৃতি দিয়ে এর সাথে জড়িত কর্মকাণ্ডকে জনস্বার্থমূলক হিসেবে গণ্য করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশটি অনুমোদন পায়। সেই সময়েই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন যে, বিপ্লবীদের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। তারই ধারাবাহিকতায় এই গেজেট প্রকাশের মাধ্যমে অধ্যাদেশটি এখন চূড়ান্ত আইনে পরিণত হলো।



