বাংলাদেশ

হাটে বেসিন ধসে নিভে গেল দুই শিশুর প্রাণ, আহত আরও ২

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। করোনাকালে নির্মিত ইটের তৈরি একটি পরিত্যক্ত হাত ধোয়ার বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দুই শিশু।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে ওই পরিত্যক্ত বেসিনের ওপর উঠে খেলা করছিল চার শিশু। জরাজীর্ণ কাঠামোটি হঠাৎ ধসে পড়লে তারা সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত: রায়হান (৪), পিতা: ফরিদুল ইসলাম এবং সুমি (১৮ মাস), পিতা: সজীব শেখ। আহত: আবির ও সানজিদা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, করোনাকালে সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য এই বেসিনটি তৈরি করা হয়েছিল। তবে হাট কমিটি সংলগ্ন ঘরটি ভেঙে ফেলায় এবং বৃষ্টির পানিতে নিচ থেকে মাটি সরে যাওয়ায় কাঠামোটি নড়বড়ে হয়ে পড়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত শিশুরা অত্যন্ত দরিদ্র পরিবারের। জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পর রোববার রাত ১০টার দিকে রহমতগঞ্জ কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি পুলিশ তদারকি করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button