রাজনীতি

কাণ্ডারি তো আপনাদের ফেলে ভারতে! আওয়ামী লীগকে ফখরুলের খোঁচা

ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনীতি, নির্বাচন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।

মির্জা ফখরুল তার বক্তব্যে গতানুগতিক নির্বাচনের পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। কিন্তু এখন সেই ‘নৌকা’ আর নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে তিনি বলেন, “নৌকার কাণ্ডারি এখন দেশে নেই, তিনি দিল্লিতে অবস্থান করছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকত।”

বক্তব্যের এক পর্যায়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি একে তার জীবনের ‘শেষ নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি জীবনের শেষ পর্যায়ে আপনাদের কাছে এসেছি। এবার আমাকে একটি সুযোগ দিন। আমরা সাধারণ মানুষের হৃদস্পন্দন বুঝে তাদের কল্যাণে কাজ করতে চাই।”

১৯৭১ সালের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং গণহত্যা চালিয়েছে, তারা আজ দেশ শাসনের স্বপ্ন দেখছে। যারা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাদের হাতে দেশের ভার তুলে না দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ৭১-এর চেতনাকে সমুন্নত রাখাই বিএনপির মূল লক্ষ্য।

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মির্জা ফখরুল বলেন, “আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী—এই দেশে আমরা সবাই বাংলাদেশি এবং সবার সমান অধিকার।” যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি তাদের পাশে থাকবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button