রাজনীতি

এনসিপির ভবিষ্যৎ এখন জামায়াতে? পদত্যাগকারী নেতার চাঞ্চল্যকর দাবি

বান্দরবান সংসদীয় আসনে ‘বহিরাগত’ প্রার্থী দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জেলা সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক। আজ সোমবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেন।

এরফানুল হকের দাবি, এনসিপি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হয়েছে। বর্তমানে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির পকেটে বন্দি হয়ে গেছে।

বান্দরবানের স্থানীয় কাউকে প্রার্থী না করে অন্য জেলা থেকে প্রার্থী আনায় তিনি একে ‘জেলাবাসীর সঙ্গে প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এলাকার সুখ-দুঃখ বুঝতে স্থানীয় জনপ্রতিনিধির বিকল্প নেই। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে যাওয়া ছাড়া এনসিপির আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।

পদত্যাগ করলেও তিনি অন্য কোনো দলে যোগ দেননি। তবে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীকে (ধানের শীষ) সমর্থন করার জন্য। এবং বলেন, “এনসিপি এখন বাংলামোটরের কতিপয় ব্যক্তির দলে পরিণত হয়েছে। তারা বান্দরবানের মানুষের আত্মসম্মানে আঘাত করেছে, যার জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দেবে।”

এনসিপির জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার মতে, সাংবিধানিকভাবে দেশের যেকোনো নাগরিক যেকোনো আসন থেকে নির্বাচন করার অধিকার রাখেন। দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button