বাংলাদেশ

গাছে তুলে মই টেনে নেয়া! দাওয়াতে এনে উপাচার্যকে অবরুদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবাসিক হলের নানা সমস্যা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকে উপাচার্যকে অবরুদ্ধ করেন সাধারণ শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। দাওয়াত পেয়ে অনুষ্ঠানে গেলেও হলের জরাজীর্ণ দশা আর প্রশাসনিক উদাসীনতার অভিযোগে তাকে আটকে দেন শিক্ষার্থীরা।

হল সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে আবাসন সংকট ও হলের অভ্যন্তরীণ নানা অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করে আসছিলেন। তাদের মূল দাবিগুলো হলো,হলের এক্সটেনশন অংশের সিলিং নষ্ট এবং বসবাসের অনুপযোগী পরিবেশ। ত্রুটিপূর্ণ ইলেকট্রিক সার্কিটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়া।ও রিডিং রুমে অতিরিক্ত শব্দের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটা।

শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ জানান, বারবার লিখিত আবেদন করেও প্রশাসনের কোনো সাড়া না পাওয়ায় তারা এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে, ভিপি মো. আলা উদ্দিনের অভিযোগ, ক্রীড়া অনুষ্ঠানের মতো আয়োজনেও হল সংসদকে পাশ কাটিয়ে কাজ করা হয়েছে। উপাচার্য তাদের কথা না শুনে চলে যেতে চাইলে শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেয়।

এ ঘটনা প্রসঙ্গে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বিষয়টিকে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না। তিনি বলেন,”পুরোনো হল হওয়ায় কিছু সমস্যা রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, আশা করছি দ্রুতই সমাধান আসবে।”

উপাচার্য নিজে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টা থেকে সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button