আন্তর্জাতিক

ঘৃণা ছড়ানোর অভিযোগ: বাতিল ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা

অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে, যারা সমাজে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে দেশটিতে আসতে চায়, তাদের জন্য সেখানে কোনো জায়গা নেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেন।

সম্প্রতি ইসরায়েলি ইনফ্লুয়েন্সার স্যামি ইয়াহুড-এর অস্ট্রেলিয়া ভ্রমণের ভিসা শেষ মুহূর্তে বাতিল করা হয়। ইয়াহুড জানান, ইসরায়েল থেকে বিমান ছাড়ার মাত্র তিন ঘণ্টা আগে তিনি জানতে পারেন তার ভিসা বাতিল হয়েছে।

তার ভিসা বাতিলের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক কিছু উসকানিমূলক বক্তব্য। তিনি ইসলাম ধর্মকে ‘ঘৃণ্য মতাদর্শ’ এবং ‘আগ্রাসী’ হিসেবে অভিহিত করেন।

মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরকে দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে কথা বলেন। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা UNRWA-কে নিয়ে উপহাস করেন।

অস্ট্রেলিয়া কেন হঠাৎ এত কঠোর হলো? এর পেছনে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনা কাজ করছে। কয়েক সপ্তাহ আগে সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের এক ধর্মীয় উৎসবে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যাতে ১৫ জন প্রাণ হারান। এর পরপরই এই মাসের শুরুতে অস্ট্রেলিয়া তাদের বিদ্বেষমূলক অপরাধ (Hate Crime) সংক্রান্ত আইন আরও শক্তিশালী করেছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, “যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান, তাদের সঠিক কারণে এবং সঠিক নিয়ম মেনে ভিসার আবেদন করতে হবে। ঘৃণা ছড়ানো কোনোভাবেই অস্ট্রেলিয়া ভ্রমণের বৈধ কারণ হতে পারে না।”

সংশ্লিষ্ট খবর

Back to top button