‘খুন ছাড়া আর কিছু নয়’,অভিবাসন বাহিনী নিয়ে বিস্ফোরক মামদানি

মার্কিন অভিবাসন দপ্তর বা আইসিই (ICE)-র দমনপীড়নের মুখে পড়ে এক মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে আমেরিকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিই বন্ধের দাবি জোরালো হচ্ছে।
মিনিয়াপোলিস শহরে অভিবাসীদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালায় আইসিই কর্মীরা। এতে নিহত হন অ্যালেক্স প্রেটি নামে ৩৭ বছর বয়সী এক যুবক। তবে তদন্তে জানা গেছে, অ্যালেক্স কোনো অবৈধ অভিবাসী নন, বরং একজন মার্কিন নাগরিক ছিলেন। মিছিলে থাকা অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে কাছ থেকে ১০ বার গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে। এর আগে গত ৭ জানুয়ারি রেনে নিকোলে গুড নামে আরও এক নারী আইসিই-র গুলিতে প্রাণ হারিয়েছিলেন।
এই জোড়া হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী ও ট্রাম্প বিরোধী নেতা জোহরান মামদানি। সামাজিক মাধ্যমে তিনি এই ঘটনাকে ‘দিনের আলোয় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন।
মামদানি স্পষ্টভাবে আইসিই (ICE) সংস্থাটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, সাধারণ মানুষকে বাড়ি বা গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া উচিত। মামদানি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি মানুষের জীবনে সন্ত্রাস তৈরি করেছে। আমেরিকার মানুষ এই ক্রূঢ় তল্লাশি আর সহ্য করবে না।



