বাংলাদেশ

মিয়ানমারের গুলিতে আহত ২ বাংলাদেশি জেলে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে নাফ নদীতে মাছ ধরছিলেন কাঞ্জরপাড়া এলাকার মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। ওই সময় মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলি চলছিল। হঠাৎ ওপার থেকে আসা গুলি তাদের শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুতুপালংয়ের একটি এনজিও হাসপাতালে নিয়ে যান।

মো. সোহেল (১৬): পিতা শেখ কামাল, ৫নং ওয়ার্ড, কাঞ্জরপাড়া। (অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে)। এবং মো. ওবাইদুল্লাহ (১৭): পিতা মো. ইউনুস, একই এলাকা।

আহতদের স্বজন ছৈয়দ আলম বলেন, “সকালে মাছ ধরার সময় হুট করেই ওপার থেকে আসা বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে তারা দুজন আক্রান্ত হয়। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।”

এ বিষয়ে উখিয়া-৬৪ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, দুই যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তে উত্তেজনা বিরাজ করায় বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button