সিন্ডিকেট ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার ঘোষণা জামায়াত আমিরের

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ থেকে সকল প্রকার চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করা হবে।
তিনি ২০১৫ সালে সাতক্ষীরা সফরের কথা উল্লেখ করে বলেন, সে সময় এই জেলার মানুষ চরম জুলুম ও বঞ্চনার শিকার হয়েছে। ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া এবং নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতনের চিত্র তিনি তুলে ধরেন।
সাতক্ষীরাকে উন্নয়নের ক্ষেত্রে অবহেলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার কারণেই এই জেলার সঙ্গে ‘সৎমায়ের মতো’ আচরণ করা হয়েছে।
জামায়াতকে দেশের সবচেয়ে নির্যাতিত দল হিসেবে উল্লেখ করে তিনি জানান, ফাঁসি, গুম ও দল নিষিদ্ধ করার মতো পরিস্থিতির পরও তারা ধৈর্য ধরেছেন।
৫ আগস্টের পরিবর্তনের পর দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের কোথাও তাদের কর্মীরা চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়ায়নি। মদিনা সনদের আলোকে একটি সুশাসিত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার কথাও উল্লেখ করেন।
জনসভায় তিনি সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জামায়াত প্রার্থীদের জন্য সমর্থন চান এবং জনগণের সরকার গঠনের মাধ্যমে দেশ পুনর্গঠনের আহ্বান জানান। জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থীরাও উপস্থিত ছিলেন।



