ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব পাস

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব বা ‘অবিচুয়ারি রেফারেন্স’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। বুধবার (২৮ জানুয়ারি) লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়ার প্রভাব ও প্রতিবেশী দেশের সাবেক সরকারপ্রধান হিসেবে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই ভারতের এই বিশেষ উদ্যোগ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে আজ যৌথ অধিবেশন শুরু হচ্ছে। এরপর নিজ নিজ কক্ষে প্রয়াত ভারতীয় সাংসদদের পাশাপাশি খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো হবে।
আজ থেকেই শুরু হওয়া এই বাজেট অধিবেশন চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য যে, আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার কথা রয়েছে।
বাংলাদেশের তিন মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছিল।
আজকের শোকপ্রস্তাবের পর ২৯ জানুয়ারি ভারতের ‘অর্থনৈতিক সমীক্ষা’ পেশ করা হবে। এছাড়া রাজ্যসভায় সাবেক এমপি এল গণেশন এবং সুরেশ কলমাদিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।



