ভারতে সুফি সাধক বাবা বুল্লে শাহের মাজারে হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুর

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত সুফি কবি বাবা বুল্লে শাহের মাজারে হামলার ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। শনিবার গভীর রাতে উইনবার্গ অ্যালেন স্কুল এলাকায় অবস্থিত এই মাজারে একদল উগ্রবাদী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হারিওম, শিবায়ুন ও শ্রদ্ধা নামের তিন ব্যক্তিসহ আরও ২৫-৩০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি লোহার রড ও হাতুড়ি নিয়ে মাজারে তাণ্ডব চালায় এবং ধর্মীয় গ্রন্থ ক্ষতিগ্রস্ত করে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ডেহরাদুনের এসএসপি অজয় সিং জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে বাকি দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
“বুল্লা কি জানা আমি কে”—যিনি আজীবন ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের জয়গান গেয়েছেন, সেই প্রখ্যাত সুফি কবি বাবা বুল্লে শাহের মাজারও এবার রেহাই পেল না উগ্রবাদের হাত থেকে। মুসৌরির শান্ত পরিবেশে রাতের অন্ধকারে চালানো এই হামলা কেবল একটি স্থাপনার ওপর নয়, বরং বহুত্ববাদী সংস্কৃতির ওপর আঘাত বলে মনে করছেন বিশিষ্টজনরা।
পুলিশ ইতিমধ্যে তিনজনের বিরুদ্ধে নামসহ এফআইআর দায়ের করেছে। তবে প্রশ্ন উঠছে, যে সাধক নিজেকে কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা ধর্মের গণ্ডিতে আবদ্ধ রাখতে চাননি, তাঁর স্মৃতিসৌধে এমন হামলা কেন? প্রশাসনের দ্রুত পদক্ষেপই এখন শান্তিপ্রিয় মানুষের একমাত্র ভরসা।



