বাংলাদেশ

চুয়া সেলিম সিন্ডিকেটের চালান আটক, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ মূল হোতা রাজু ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার রাত ২টা থেকে ভোর পর্যন্ত টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে রাজু (৩৫), রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামগুলো হল , ১২,০৩০ পিস ইয়াবা, ১,১১০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র এবং ১২টি স্মার্টফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই মাদকগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ এবং শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

স্থানীয়দের মতে, বুনিয়া সোহেল কারাগারে যাওয়ার পর বর্তমানে জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে মনু, পিচ্চি রাজা ও চুয়া সেলিম। তাদের মূল জোগানদাতা হিসেবে ‘চাপা আরিফ’ নামক এক ব্যক্তির নাম উঠে এসেছে, যে এখনো ধরাছোঁয়ার বাইরে।

গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button