রাজশাহীতে পা রেখেই শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীতে পা রেখেই তিনি হযরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এর আগে দুপুর ১২টার পর তাকে বহনকারী বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে অনুষ্ঠিতব্য আজকের নির্বাচনী জনসভাকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ২টার দিকে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা আগেভাগেই রাজশাহীতে অবস্থান নিয়েছেন। নগরজুড়ে দেখা গেছে নির্বাচনী প্রচারণার ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই সফরকে ঘিরে পুরো জেলায় জোরদার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।



