এয়ার ফোর্স ওয়ান সিনেমা ৮ বার দেখেছি: তারেক রহমান

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তাকে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে অভিহিত করা হয়েছে। দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে রাজনীতিতে তার ফেরা এবং আগামীর পরিকল্পনা নিয়ে এই প্রতিবেদনে উঠে এসেছে নানা চমকপ্রদ তথ্য।
সাক্ষাৎকারে তারেক রহমানের সিনেমা অনুরাগের বিষয়টি বেশ ফুটে উঠেছে। বিশেষ করে তার প্রিয় হলিউড সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’-এর কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেন।
তিনি জানান, ‘এয়ার ফোর্স ওয়ান’ ছবিটি তিনি অন্তত আটবার দেখেছেন।
আলোচনার এক পর্যায়ে তিনি জনপ্রিয় ‘স্পাইডার ম্যান’ চলচ্চিত্রের সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করেন— “মহান শক্তির সঙ্গে মহান দায়িত্ব আসে।” এই উক্তিগুলোর মাধ্যমে তিনি পরোক্ষভাবে রাজনীতিতে নিজের অবস্থান এবং গুরুদায়িত্বের প্রতি তার সচেতনতারই ইঙ্গিত দিয়েছেন।
টাইম ম্যাগাজিনের বর্ণনায় তারেক রহমানকে বেশ মৃদুভাষী ও অন্তর্মুখী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। লন্ডনে থাকাকালীন তার যাপনের কিছু খণ্ডচিত্রও সেখানে উঠে আসে। তিনি রিচমন্ড পার্কে একান্তে হাঁটতে পছন্দ করতেন। এবং গভীর চিন্তায় মগ্ন থাকা অথবা ইতিহাসের বই পড়াই ছিল তার প্রধান বিনোদন।



