ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকবে না যুদ্ধ: ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির বিপরীতে এবার পাল্টা বার্তা দিল ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যদি মনে করেন তিনি যুদ্ধের সূচনা করে নিজের ইচ্ছামতো তা নিয়ন্ত্রণ করতে পারবেন, তবে তিনি ভুল করছেন।
সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ জানান, তেহরান আলোচনার বিরোধী নয়। তবে সেই আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তার মতে, ইরান কোনো ধরনের জবরদস্তিমূলক বা একতরফা নির্দেশনার টেবিলে বসবে না। যতক্ষণ ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার ও স্বার্থ সুরক্ষিত না হচ্ছে, ততক্ষণ কোনো ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়। ওয়াশিংটন সামরিক শক্তির ভয় দেখিয়ে কূটনীতিকে কোণঠাসা করছে বলে তিনি অভিযোগ করেন।
গালিবাফ উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যিই ‘নোবেল শান্তি পুরস্কার’ পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন, তবে তাকে নিজের প্রশাসনের যুদ্ধবাজ কর্মকর্তাদের প্রভাবমুক্ত হতে হবে। যুদ্ধের হুমকি দিয়ে আলোচনা আদায়ের চেষ্টা কেবল উত্তেজনাকেই উসকে দেবে।
মোহাম্মদ বাকের গালিবাফ আরো বলেন, “যুদ্ধের ছায়াতলে বসে যে সংলাপ হয়, তা শান্তি নয় বরং অস্থিরতা বাড়ায়।”
ট্রাম্প যখন ইরানের দিকে ‘বিশাল নৌবহর’ পাঠানোর ভয় দেখিয়ে বলছেন যে তেহরানের জন্য ‘সময় ফুরিয়ে আসছে’, ঠিক সেই মুহূর্তে গালিবাফের এই মন্তব্য দুই দেশের মধ্যকার চরম উত্তেজনাকে নতুন মাত্রা দিল।



