আন্তর্জাতিক

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী’ বলল ইউরোপীয় ইউনিয়ন

ইরানে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে এই ঐতিহাসিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ঘোষণার ফলে আইআরজিসি এখন থেকে আল-কায়েদা ও আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সমপর্যায়ে বিবেচিত হবে। মূলত যেসব কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানে আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত দমন-পীড়ন এবং নির্বিচারে মৃত্যুদণ্ড কার্যকর। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সহযোগী হিসেবে ড্রোন সরবরাহ।

দীর্ঘ সময় ফ্রান্স ও জার্মানি কূটনৈতিক স্বার্থে নমনীয় থাকলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সরাসরি ভাষায় বলেন, “কেউ যদি সন্ত্রাসীদের মতো আচরণ করে, তবে তাকে সন্ত্রাসী হিসেবেই গণ্য করা উচিত। এই সিদ্ধান্ত ইরানি নেতৃত্বের প্রতি একটি শক্তিশালী সতর্কবার্তা।”

অন্যদিকে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস একে ইউরোপের ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন।

আইআরজিসি-কে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ মোট ২১ জন শীর্ষ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে,
ইউরোপে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button