১৭ বছর কারাভোগের পর আমার স্বামী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছে: বাবরের স্ত্রী

নেত্রকোনা-৪ আসনের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বলেছেন, দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আমার স্বামী আবার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। হাওর এলাকার মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও বঞ্চনার কথা আমরা খুব কাছ থেকে জানি। এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য আমরা নিরলসভাবে কাজ করতে চাই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নেত্রকোনা–৪ আসনের মদন উপজেলার নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে জনসাধারণের পাশে থেকে হাওরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও মৎস্য খাতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। মানুষের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সংসদে জোরালো ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুলসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও নায়েকপুর ও তিয়শ্রী ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।



