দিল্লিতে ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লির ভজনপুরায় ৬ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ১৮ জানুয়ারি। অভিযুক্তদের বয়স যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ বছর। তারা সবাই ওই একই এলাকার বাসিন্দা এবং একটি কারখানায় কাজ করত।
ঘটনার দিন শিশুটি রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরলে তার মা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে শিশুটি পড়ে গিয়ে চোট পেয়েছে বলে জানালেও, পরে মায়ের আশঙ্কাজনক প্রশ্নের মুখে সে পুরো ঘটনাটি খুলে বলে। জানা গেছে, অভিযুক্তরা শিশুটিকে ফুসলিয়ে একটি বাড়ির ছাদে নিয়ে গিয়ে এই ঘৃণ্য অপরাধ করে।
খবর পাওয়ার পরপরই সক্রিয় হয় উত্তর-পূর্ব দিল্লি পুলিশ। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আশীষ মিশ্র জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ এবং শিশুদের সুরক্ষা আইন (POCSO)-এর আওতায় মামলা করা হয়েছে।
তিন কিশোরকেই আটক করে কিশোর আদালতে (Juvenile Court) হাজির করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছে পুলিশ।
শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে অভিযুক্ত এক কিশোরের মা নিজেই তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।



