দেশ কোন পথে চলবে, ঠিক করবে আগামী নির্বাচন: তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের মানুষের ভোটাধিকার ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং দেশ কোন পথে চলবে তার দিকনির্দেশক। তিনি বলেন, দেশের মানুষ একটি দায়বদ্ধ সরকার চায়, যা কেবল এই নির্বাচনের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। গত ১৫ বছরে উন্নয়নের নামে যে ‘মেগা দুর্নীতি’ হয়েছে, তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতির এই চক্র ভেঙে দিতে হবে। এবং দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে চাকরি ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বগুড়া-৬ (সদর) আসনে প্রথমবারের মতো প্রার্থী হওয়া তারেক রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু নিজ এলাকা নয়, বরং সারা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা সংস্কার করে একটি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারেক রহমান বলেন, “কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে প্রবর্তন করতে হবে।”
রাজশাহী ও নওগাঁর জনসভা শেষে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নিয়ে মঞ্চে উপস্থিত হলে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। বিকেলের মধ্যেই পুরো বগুড়া শহর মিছিলের নগরীতে পরিণত হয়। উল্লেখ্য, জনসভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের প্রার্থী আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের প্রার্থী মোরশেদ মিল্টন প্রমুখ।



