ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের

নোয়াখালীর জিলা স্কুল মাঠে আয়োজিত ১১-দলীয় জোটের এক বিশাল নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নোয়াখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, তাদের জোট ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে নোয়াখালীকে বিভাগে রূপান্তর এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন অঙ্গীকার করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, শুধু প্রশাসনিক সংস্কারই নয়, বরং হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরের নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোম্পানীগঞ্জ ও ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যে তিনি জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, দেশের তরুণ ও যুবসমাজ এখন সজাগ। তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে এবং ১৩ তারিখ একটি নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় মুখিয়ে আছে। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তাদের হাতে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই তিনি দেশপ্রেমিক শক্তির হাতে ক্ষমতা অর্পণের আহ্বান জানান।
জনসভার শেষ পর্যায়ে তিনি নোয়াখালীর ৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। চারজন প্রার্থীর হাতে ‘দাঁড়িপাল্লা’ এবং জোটের অন্য দুই প্রার্থীর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দিয়ে তিনি উপস্থিত জনতাকে জোটবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনার অনুরোধ জানান।



