রাজনীতি

হিন্দু নির্যাতনকারীদের উত্তরসূরিরা নির্বাচনে লড়ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তাদের উত্তরসূরিরাই এখন নবরূপে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আজ শুক্রবার পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধের সময় একটি নির্দিষ্ট ধর্মভিত্তিক দল সনাতন ধর্মাবলম্বীদের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই সেদিন বিভীষিকা সৃষ্টি করেছিল। আজ তারা আবার সক্রিয়। আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই—এদের হাতে এদেশের নাগরিকরা কতটা নিরাপদ?”

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ধর্মীয় স্বাধীনতার ভিত্তি গড়েছিলেন এবং ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের মাধ্যমে সব ধর্মের মানুষকে একসূত্রে গেঁথেছিলেন।

পেকুয়া উপজেলা বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, বাহাদুর শাহ, সভাপতি, পেকুয়া উপজেলা বিএনপি। কামরান জাদীদ মুকুট, আহ্বায়ক, উপজেলা যুবদল। শিমুল বিশ্বাস, সভাপতি, বিশ্বাস পাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দির।অংতোয়াইচিং রাখাইন, সাধারণ সম্পাদক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

মতবিনিময় সভা শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন। এসময় উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button