একটি দল বিদেশ থেকে আসা অতিথি পাখিদের নমিনেশন দিচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে কড়া সমালোচনা করে বলেছেন যে, নিজেদের জাতীয়তাবাদের ধারক দাবি করা একটি দল বিদেশ থেকে আসা ‘অতিথি পাখিদের’ মনোনয়ন দিয়ে রাজনীতিকে কলুষিত করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
বক্তব্য চলাকালীন তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আসিফ মাহমুদ অভিযোগ করেন যে, বিভিন্ন দল ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের মতো জনতুষ্টির প্রতিশ্রুতি দিলেও দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের কোনো কার্যকর পরিকল্পনা নেই। এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেন, এনসিপি ক্ষমতায় আসলে যুবকদের অংশগ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে।
দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেবল জীবনযাত্রার মান পরিবর্তন করতে সক্ষম এমন ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত। একটি শোষণমুক্ত ও স্বাধীন বাংলাদেশ গড়তে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। উক্ত সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



