রাজনীতি

তারেক রহমান যেখানে, জনস্রোত সেখানে: ইশরাক

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ৪৫নং ওয়ার্ডে আয়োজিত এক পথসভায় তিনি এই দাবি করেন।

বক্তব্যে তিনি দেশের সংকট নিরসনে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জনগণের নিরঙ্কুশ সমর্থনের বিকল্প নেই। তার মতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হওয়া দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরের সমালোচনা করে বলেন, সম্প্রতি নারীদের প্রতি যে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাবকে তিনি একটি গভীর চক্রান্ত হিসেবে অভিহিত করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করার অপচেষ্টা হতে পারে। তবে নারীদের অভয় দিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় তাদের অধিকার রক্ষায় পাশে থাকবে।

পরিশেষে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button