বাংলাদেশ

রাবিতে হঠাৎ ‘ফ্যাসিস্ট শিক্ষকদের’ নাম ঘোষণা রাকসু জিএস আম্মারের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণভোট বিষয়ক একটি মতবিনিময় সভায় ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ১৬১ জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত সভায় আওয়ামীপন্থি শিক্ষকদের উপস্থিতি ও বক্তব্য প্রদানের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই পদক্ষেপ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইউজিসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। সভায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা বক্তব্য দেওয়ার পরপরই রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার মঞ্চের সামনে এসে কথা বলার সুযোগ চান। সঞ্চালক প্রথমে অনুমতি না দিলেও পরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের হস্তক্ষেপে তিনি ১ মিনিট কথা বলার সুযোগ পান।

বক্তব্য দিতে গিয়ে আম্মার বলেন, “যাঁরা জুলাই আন্দোলনে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং নেতিবাচক বয়ান তৈরি করেছেন, তাঁদের সামনে বসিয়ে গণভোটের আলোচনা করা অনুষ্ঠানের সৌন্দর্যের পরিপন্থী।” তিনি জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী ১৬১ জন শিক্ষকের একটি তালিকা থেকে নাম পড়া শুরু করলে সঞ্চালক তাঁকে থামানোর চেষ্টা করেন।

এ সময় আম্মার পাল্টা যুক্তি দিয়ে বলেন, “ফ্যাসিস্টদের উপস্থিতিতেই অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়েছে।” একপর্যায়ে উপাচার্য নিজে এগিয়ে এসে তাঁকে শান্ত করেন এবং অনুষ্ঠান শেষে তালিকাটি জমা দেওয়ার পরামর্শ দেন।

সভা শেষে আম্মার ওই একই মঞ্চে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ১৬১ জন শিক্ষকের নাম ঘোষণা করেন। তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সাবেক দুই সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর। এবং
সাবেক প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

তালিকায় থাকা শিক্ষকদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়া, অর্থায়ন করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

সালাহউদ্দিন আম্মার ঘোষণা দিয়েছেন যে, আগামী ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্যথায় তিনি ওই সভার বাইরে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button