কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের চার গুণেরও বেশি। এই বিশাল অংকের অর্থ উদ্ধারে কোনো রকম আপস করা হবে না জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, যারা জনগণের টাকা চুরি করে বিদেশে বিলাসিতা করছেন, তাদের শান্তির ঘুম হারাম করে দেওয়া হবে। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। প্রয়োজনে তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং পাচারকৃত সম্পদ জনগণের কাছে ফিরিয়ে আনা হবে।
বক্তব্যের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের লড়াই নয়, বরং এটি জাতির ভাগ্য বদলানোর এক বড় সুযোগ। গত ৭৭ বছরের পুরনো ধারার রাজনীতি দেশের মানুষ, বিশেষ করে তরুণ ও শিশুরা আর দেখতে চায় না। তারা চায় মদিনার সনদের আদলে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, উর্বর মাটি, পরিশ্রমী মানুষ এবং অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বদরবারে কাঙ্ক্ষিত মর্যাদা পায়নি। এমনকি আমাদের দেশের পাসপোর্টের মানও অনেক নিচে। এর প্রধান কারণ হিসেবে তিনি ‘অসৎ নেতৃত্বকে’ দায়ী করেন, যারা জনগণকে বারবার ধোঁকা দিয়ে নিজেদের আখের গুছিয়েছে। তিনি বিশ্বাস করেন, জনগণ এবার ন্যায়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সমাবেশ শেষে তিনি ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।



