রাজনীতি

চোরদের মুখে হাত ঢুকিয়ে সব টাকা বের করে আনব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা সংখ্যালঘু অধিকার নিয়ে বেশি কথা বলেন, তাদের উচিত পাশের সাঁওতাল পল্লীতে কী ঘটেছে তা দেখা। তিনি বলেন, সাঁওতালরাও এ দেশের নাগরিক এবং আমাদের ভাই-বোন। জামায়াতে ইসলামী সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো সংকট দেখা দিলেই অমুসলিম জনগোষ্ঠী কেন ভয়ের মধ্যে থাকবে—এই ভয়ের সংস্কৃতি ভেঙে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ, এখানে সবাইকে নিয়েই চলতে হবে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঘর, চলাচলের পথ ও কর্মস্থল—সব জায়গায় নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো অন্যায়কারী নারীকে হয়রানি করার সাহস পাবে না। তিনি আরও বলেন, বর্তমানে কিছু মানুষ অস্থির হয়ে উঠেছে, তবে পরিস্থিতি বুঝে সংযত থাকার আহ্বান জানান তিনি।

নারীদের প্রতি সহিংসতা ও হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, অতীতে যেভাবে নারীদের সম্মান রক্ষায় মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিল, ভবিষ্যতেও তেমন প্রতিরোধ গড়ে উঠবে। মায়ের অপমান কেউ মেনে নেবে না।

তিনি বলেন, নেতৃত্ব বংশানুক্রমিক বিষয় নয়। একজন পরিশ্রমী রিকশাচালকের সন্তানও মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছাতে পারে। এভাবেই উত্তরাধিকারভিত্তিক রাজনীতির অবসান ঘটবে।

ক্ষমতায় এলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, জামায়াত নিজেরাও চাঁদাবাজিতে জড়িত নয় এবং কাউকেও তা করতে দেবে না। দুর্নীতিবাজ, ব্যাংক লুটকারী কিংবা মামলাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এবং সেই অর্থ বিদেশে পাচার করেছে। জামায়াত ক্ষমতায় এলে এসব দুর্নীতিবাজদের কাছ থেকে দেশের টাকা ফিরিয়ে আনা হবে।

উত্তরবঙ্গকে দেশের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, নওগাঁ জেলা বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করলেও ন্যায্য উন্নয়ন পায়নি। নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা হবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও ফল প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার কথাও জানান তিনি। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ করে পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী আব্দুর রাকিব। এ সময় জেলার বিভিন্ন আসনের জামায়াত প্রার্থী ও নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button