ক্ষমতায় গেলে ‘স্বর্ণের বাংলা’ গড়ার অঙ্গীকার ইসলামী আন্দোলন বাংলাদেশের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মানুষ তার সুফল পায়নি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশকে ‘স্বর্ণের বাংলা’ হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের পক্ষে নির্বাচন করছে। তাই যারা ইসলামী শাসনব্যবস্থা দেখতে চান, তাদের হাতপাখা মার্কায় ভোট দিতে হবে।
রেজাউল করিম আরও বলেন, সৎ নীতি ও যোগ্য নেতৃত্ব ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়; বরং সকল মানুষের জন্য, এমনকি একটি পিপীলিকার স্বাধীনতাও ইসলামে নিশ্চিত করা হয়েছে। দেশের রাজনীতিতে বহু নেতার নীতি দেখা গেছে, কিন্তু সাধারণ মানুষ তার কাঙ্ক্ষিত অধিকার পায়নি।
তিনি বলেন, আর যদি মায়ের কোল খালি করতে না চাই, দেশে শান্তি বজায় রাখতে চাই, চাঁদাবাজি ও অর্থপাচার বন্ধ করতে চাই—তাহলে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গত ৫৪ বছরে বহু দল ক্ষমতায় এলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এসব দলকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। ইসলাম ক্ষমতায় এলে দেশ সত্যিকারের স্বর্ণের বাংলাদেশে রূপ নেবে।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ মাদারীপুর-১, ২ ও ৩ আসনের প্রার্থীরা।



