বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে: মনি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রধান দাবি হলো জীবনের নিরাপত্তা, জানমাল ও ধর্মের সুরক্ষা। বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বরগুনা-২ আসনে হিন্দু সম্প্রদায়ের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, তাঁর সময়ে এই সংসদীয় আসনে চাঁদাবাজির কোনো সুযোগ ছিল না এবং ভবিষ্যতেও চাঁদাবাজদের কোনো স্থান দেওয়া হবে না। তিনি দাবি করেন, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতে কোনো কাজের বিনিময়ে তিনি কারও কাছ থেকে ঘুষ নিয়ে থাকলে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর যদি জনগণের জন্য ভালো কাজ করে থাকেন, তাহলে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ জানান।
নির্বাচনি বক্তব্যে তিনি আগামী ১২ তারিখ সকাল ছয়টায় ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নিজেকে যোগ্য মনে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন।
ধানের শীষে ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এলাকার মানুষ তাঁকে ভালোভাবে চেনেন এবং স্থানীয় বিভিন্ন অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান রয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে এলাকার মানুষের সম্পৃক্ততা কম বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব ও শিল্পপতি মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।



