মিসাইল ছুড়েছিল আমার দিকে, সেটা তাদের কপালেই পড়েছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁকে কেন্দ্র করে একটি মিথ্যা প্রচারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই অপচেষ্টা শেষ পর্যন্ত উল্টো উদ্যোক্তাদের বিরুদ্ধেই ফিরে গেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর বিভ্রান্ত হওয়ার মতো সরল নয়; তারা মিথ্যা ও সত্য আলাদা করতে জানে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের সংগঠন সামলাতে ব্যর্থ, তারা দেশ পরিচালনায়ও অযোগ্য। তিনি অভিযোগ করেন, নিরীহ মানুষের নামে মামলা দিয়ে একটি পক্ষ চাঁদাবাজি ও হয়রানি চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
তিনি বলেন, পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং তার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়। তবে পরবর্তী সময়ে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামকে দেশের সবচেয়ে নিপীড়িত রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নির্যাতনের শিকার হলেও দলটি জনগণের স্বার্থে কথা বলা থেকে পিছপা হয়নি। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে তারা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করেনি বলেও দাবি করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, একটি বড় রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী মামলা-বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। জুলাই বিপ্লবের মূল চেতনা বাস্তবায়নে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে তিনি জানান। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তবে সবাইকে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি হিজলা ও মেহেন্দিগঞ্জ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন।
আইডি হ্যাক সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, সত্য কখনো চাপা থাকে না। যে রাজনীতি চাঁদাবাজি, হত্যা ও লুটপাটের জন্ম দেয়, সে ধরনের রাজনীতি জামায়াতে ইসলাম সমর্থন করে না। পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতদিন দল পাহারা দিয়েছেন, সুযোগ পেলে এবার দেশ পাহারা দেবেন।
জনসভা বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ডা. শফিকুর রহমান এক ঘণ্টা আগে সকাল ১০টায় জনসভাস্থলে উপস্থিত হন। তার আগেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম। এতে জামায়াত ও সমমনা বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল জব্বারসহ বিভিন্ন আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াতে ইসলামীর আমির।



